নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট সতর্কবার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সূচি অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েই ইসরায়েলে ফিরবেন তিনি। নিউইয়র্কে রাতে থাকার পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর সফরকাল কমানোর সিদ্ধান্ত নেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া নির্দিষ্ট সতর্কবার্তার কারণেই এ পরিবর্তন বলে জানানো হলেও নিরাপত্তার স্বার্থে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সূচি অনুযায়ী, বুধবার রাতে ইসরায়েল ছাড়ার পর বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কে পৌঁছানোর কথা নেতানিয়াহুর। জাতিসংঘে ভাষণ শেষ করেই তিনি দেশে ফিরবেন।
গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভের প্রস্তুতির মধ্যেই এই সংক্ষিপ্ত সফর হচ্ছে। এরই মধ্যে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন।
সফর সংক্ষিপ্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকও হচ্ছে না। একই কারণে টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়েছে।