গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করার পাশাপাশি দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলো নানা ধরনের সংকটের মুখে পড়ছে। নদীদূষণের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকার বুড়িগঙ্গা এখনো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে আছে। নদী রক্ষায় দূষণের উৎস চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এর ফলে প্রতিবছর বাংলাদেশকে বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।