ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, নিট প্রশ্নফাঁস ইস্যুতে তাদের একটি দাবি পূরণ হলেও এখনো দুটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন বাকি রয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিট অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রধান দাবি। সরকার সেই দাবি মেনে নিলেও শিক্ষার্থীদের স্বার্থে আরও দুটি পদক্ষেপ নিতে হবে।
দলটির বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে—নিট ইস্যুতে আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তা দেওয়া এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়।
সিজেপি জানিয়েছে, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি ও সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। দলটির মতে, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার দেওয়াই তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য।