নতুন চোটে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ডান ঊরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে সর্বোচ্চ আট সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
সান্তোস জানিয়েছে, পরীক্ষায় নেইমারের ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে ‘টাইপ ২বি’ চোট ধরা পড়েছে। গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান তিনি। প্রথমার্ধে ব্যথা অনুভব করার পর বিরতিতে তাকে তুলে নেওয়া হয়।
চোটের পর ভিলা বেলমিরোর মাঠের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করায় জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছিল। এতে খেলোয়াড়দের দৌড়ানো ও গতি নিয়ন্ত্রণে বাড়তি চাপ নিতে হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রথমার্ধেই তিন খেলোয়াড়ের চোট পাওয়ার ঘটনাকেও মাঠের অবস্থার সঙ্গে যুক্ত করেন নেইমার।
কাকতালীয়ভাবে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ কৃত্রিম টার্ফে হওয়ায় সেই ম্যাচে খেলেননি নেইমার। দ্বিতীয় লেগে সান্তোসের মাঠে ফিরেই নতুন চোটে পড়লেন তিনি।
চিকিৎসকদের ধারণা, নেইমারের পুনর্বাসনে সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের বাইরে থাকতে হবে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে।