ব্যভিচার ও প্রতারণার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আদালতের রায়ে বলা হয়, বিয়ে করে তারা কোনো অপরাধ করেননি—ফলে অভিযোগ থেকে এ তারকা দম্পতিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রায়ের পর বুধবার (১০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন নাসির হোসেন। সেখানে তিনি সন্তোষ প্রকাশ করে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হারতে দেননি। অবশেষে সত্যের জয় হয়েছে। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল। সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি আদালতকে ধন্যবাদ জানান।
অন্যদিকে মামলার বাদি রাকিব হাসান দাবি করেছেন, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও তিনি ন্যায়বিচার পাননি। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
প্রসঙ্গত, ২০১১ সালে রাকিব হাসানের সঙ্গে তামিমা সুলতানা তাম্মীর বিয়ে হয়। পরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। এরপর রাকিব হাসান অভিযোগ করেন, তাদের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বিচ্ছিন্ন হওয়ার আগেই তামিমা ও নাসির বিয়ে করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই ২০২১ সালে তিনি মামলা করেন, যার রায় এসেছে প্রায় পাঁচ বছর পর।