রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। মাঠে বসে প্রিয় দলের খেলা সরাসরি দেখার আনন্দ ভক্তদের কাছে যেন আকাশছোঁয়া। তবে সেই আনন্দের মাঝেই ইরান ফুটবল সমর্থকদের জন্য এসেছে আকস্মিক দুঃসংবাদ।
জানা গেছে, ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা। বিষয়টি ইরানি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ মোট টিকিটের ৮ শতাংশ পেয়ে থাকে, যা সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন নিজ দেশের সমর্থকদের মধ্যে বিতরণ করে। ইরানও ইতোমধ্যে সেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল।
তবে ফিফার এই সিদ্ধান্তে তীব্র হতাশা প্রকাশ করেছে ইরানি ফুটবল ফেডারেশন। সংস্থাটি এক বিবৃতিতে কোনো নির্দিষ্ট পক্ষের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছে, এর পেছনে ক্রীড়ার বাইরের রাজনৈতিক কারণ থাকতে পারে। তাদের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন করার পরও টিকিট থেকে বঞ্চিত হওয়া আন্তর্জাতিক ন্যায়বিচার ও সমতার পরিপন্থী।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথাও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগকে ঘিরে সিদ্ধান্তটি আরও জটিলতা তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে নিরাপত্তা ও ভিসা জটিলতার কারণে ইরানের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করা হয়েছে বলেও জানা গেছে।