বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (৮ জুন) দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (৬ জুন) ভোরে স্থানীয় সময় কানসাস সিটিতে ইংল্যান্ড দলের নির্ধারিত বেস ক্যাম্পের কাছাকাছি ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলটি ইংল্যান্ড দলের অনুশীলন মাঠ সোপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে অবস্থিত। তবে তখনো ইংল্যান্ড দল কানসাস সিটিতে পৌঁছায়নি। ঘটনার পর বিশ্বকাপ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে পুরো এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, একই শহরে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দলেরও বিশ্বকাপ বেস ক্যাম্প স্থাপনের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে কানসাস সিটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে। এ বিপুল সংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে শহরটির নিরাপত্তা ব্যবস্থার জন্য কানসাস সিটি পুলিশ বিভাগ ইতোমধ্যে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের ফেডারেল অনুদান পেয়েছে।