দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপকে ঘিরে সামনে এসেছে এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে মরক্কো।
মামদানির মতে, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ সারির দলগুলোর মধ্যে থাকা মরক্কো এবার দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে। তিনি মনে করেন, বিশ্বকাপের ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করবে উত্তর আফ্রিকার দেশটি।
শুধু তাই নয়, টুর্নামেন্টের অন্যান্য দল নিয়েও নিজের পূর্বাভাস দিয়েছেন নিউইয়র্কের এই মেয়র। তার দাবি, স্বাগতিক যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও সেখানে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেবে। এছাড়া ব্রাজিল নকআউট পর্বে জাপানের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বলেও মনে করেন তিনি।
আফ্রিকান দল ঘানার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মামদানি। তার মতে, ঘানা গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠতে সক্ষম হবে। তবে শেষ পর্যন্ত কলম্বিয়ার কাছে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হবে।
জানা যায়, ২০১০ সালের বিশ্বকাপ চলাকালে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সে সময় তিনি ঘানার সমর্থক ছিলেন এবং উরুগুয়ের বিপক্ষে ঘানার হৃদয়ভাঙা কোয়ার্টার ফাইনাল পরাজয়ের পর বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
এদিকে, ২০২৬ বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল। বিশ্বকাপ শুরুর আগেই জোহরান মামদানির এই সাহসী ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে।