চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটে গুয়াংসির লিউঝৌ শহরে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এতে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, ভূমিকম্পে একটি দম্পতি নিহত হন। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি প্রায় সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষজন দ্রুত বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসছে। বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন, এবং প্রশিক্ষিত কুকুরও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।