আইনিভাবে আগের বিয়ের সম্পর্ক শেষ হওয়ার আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ জুন এই মামলার রায় ঘোষণা করা হবে।
বুধবার (৬ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ তারিখ ধার্য করেন।
এদিন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। অন্যদিকে নাসির হোসেনের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম আদালতে যুক্তি উপস্থাপন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও বাদী রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি আট বছর বয়সী সন্তান রয়েছে। তবে রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালীন অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়।
এরপর ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাকিব মামলাটি দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে, গত ১৬ এপ্রিল মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ১০ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয় এবং ৮ এপ্রিল তামিমার সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৬ মে তারিখ নির্ধারণ করা হয়েছিল।