যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে।
সোমবার (০৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়দের কান্নায় বিমানবন্দর এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে। নিহত লিমন ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিহতের চাচা জিয়াউল হক জানান, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে লিমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, যা পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে। কবর খননের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান।
এদিকে একই ঘটনায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে ফ্লোরিডার ট্যাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।