ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও দুর্দান্ত ছন্দে আছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সম্প্রতি এক ব্রাজিলীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
রোনালদো বলেন, তার ক্যারিয়ার ছিল অসাধারণ এবং তিনি চান এটি একই ধারায় এগিয়ে চলুক। বয়স বাড়লেও গোল করা ও জয়ের আনন্দ এখনো তাকে সমানভাবে টানে। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিজ্ঞ ফুটবলার।
বর্তমানে আল নাসরের হয়ে সৌদি পেশাদার লিগে খেলছেন রোনালদো। সম্প্রতি আল আহলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেছে আল নাসর।
৪১ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে লিগে ইতোমধ্যে ২৫টি গোল করেছেন। ক্যারিয়ারে এটি তার ১৫তম মৌসুম, যেখানে তিনি ২৫ বা তার বেশি গোল করেছেন। সব মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০-এ। এখন তার লক্ষ্য—ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা।