বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে বিদ্যুতের দাম সমন্বয়ের পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দেবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আবাসিক গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে প্রস্তাবটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হবে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকার বেশি হতে পারে। এই ঘাটতি কমাতে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোসহ ভর্তুকি কমানোর পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এদিকে জ্বালানি খাতে ভর্তুকির চাপও বাড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রতি মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া বিল ৪৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা খাতটিকে আরও চাপে ফেলছে।
সব মিলিয়ে বিদ্যুতের দাম সমন্বয় না করলে চলতি অর্থবছরে বড় ধরনের আর্থিক ঘাটতির মুখে পড়তে পারে বিদ্যুৎ খাত।