আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘোষিত দলে চার নতুন মুখ জায়গা পেয়েছেন—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং উইকেটকিপার মুহাম্মদ গাজী ঘোরি। পাশাপাশি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে দলের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পিসিবি জানায়, স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত আছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে উমর গুল দায়িত্ব পালন করবেন।
সূচি অনুযায়ী, পাকিস্তান দল আগামী ২ মে বাংলাদেশে রওনা দেবে এবং ৩ মে ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে, জুনে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।