যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালীতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধনও তৈরি করে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।
র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের আহ্বান জানান।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তার নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে র্যালিটিকে এক মিলনমেলায় পরিণত করেন।