২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় করল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ভারত এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখার কৃতিত্ব অর্জন করেছে।
ভারত ২৫৫ রানে ইনিংস শেষ করে, কিউইদের ১৫৯ রানে গুটিয়ে দেয়। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলকে বিশাল অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
আইসিসি থেকে পাওয়া ২৭.৫৬ কোটি রুপি প্রাইজমানির তুলনায় বিসিসিআই এবার ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পুরস্কারটি খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদের সম্মান জানাতে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ক আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়ে দিয়েছে বিসিসিআই।