ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল প্রকাশের বিষয়ে চলছে নানা আলোচনা। এবারের নির্বাচনে প্রথমবার সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালেই গণনা শেষ হওয়ার আশা করা হচ্ছে। তবে সাবেক নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফলাফল হয়তো শুক্রবার বিকালের দিকে পাওয়া যেতে পারে। এবার সংসদ ও গণভোটের দুটি আলাদা ব্যালট পেপারের পাশাপাশি পোস্টাল ব্যালটও গণনায় অন্তর্ভুক্ত থাকবে।
ভোট কেন্দ্র থেকে আসনভিত্তিক ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। এরপর নির্বাচনের কেন্দ্রীয় ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ নির্বাচনের পরপরই হবে। ১৩ ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানান, “শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হওয়ার আশা করছি। রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছিল। পোস্টাল ব্যালট ও গণভোটের কারণে এবারের গণনায় স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগবে।”
এবারের নির্বাচনে কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট সংবলিত কেন্দ্রগুলোর গণনা সময়সাপেক্ষ হবে। এ কারণে চূড়ান্ত ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে নির্বাচন কমিশন জানাচ্ছে।