চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী মনিটরিং কক্ষ থেকে তিনি সারা দেশের ভোটগ্রহণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। বিষয়টি দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
এর আগে, সকালে রাজধানীর গুলশান-২ এলাকার মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস দিনটিকে দেশের জন্য ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তার ভাষায়, এই নির্বাচন নতুন সূচনার দ্বার খুলে দিয়েছে এবং অতীতের নেতিবাচক অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
তিনি দেশবাসীকে উৎসবের আমেজে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দিনটিকে নতুন বাংলাদেশের সূচনার দিন হিসেবে গ্রহণ করা উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও সক্রিয় অংশগ্রহণ জরুরি, কারণ এর মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।