আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সংবিধান অনুযায়ী নতুন সরকার শপথ নেবে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ ভালো রয়েছে এবং শান্তিপূর্ণভাবে কার্যক্রম এগিয়ে চলছে।