বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মবিরতি অব্যাহত, উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। আন্দোলনের অংশ হিসেবে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে। সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নৌপরিবহন উপদেষ্টা। এরপর পৌনে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর বন্দর ভবনের দিকে যাওয়ার সময় কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিয়ে গাড়িবহর আটকে দেন।

এ সময় শ্রমিকদের ‘ডিপি ওয়ার্ল্ডের দালালেরা—হুঁশিয়ার সাবধান’, ‘গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক’, ‘মা, মাটি, মোহনা—বিদেশিদের দেব না’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। অনেককে উপদেষ্টার গাড়ির সামনে গিয়ে ‘ভুয়া ভুয়া’, ‘দালাল দালাল’ বলেও স্লোগান দিতে শোনা যায়।

জানা গেছে, উপদেষ্টার সফরের খবর পেয়ে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শত শত শ্রমিক ৪ নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অন্যান্য দিনের তুলনায় বাড়তি সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে আন্দোলনরত শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর এলাকায় হরতাল ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকরা এর আগে শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com