আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বিকেল ৩টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনের আগে রাজধানীতে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক হিসেবে নয়, আবেগের প্রতীক হিসেবে দেখে। সেই আবেগ থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই বিএনপির প্রত্যাশা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।