বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বলেছেন, “আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।”
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
বৃহস্পতিবার ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, খেলাধুলার অঙ্গনে রাজনীতি না আনার নীতিগত অবস্থান থেকেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।