নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকি বিবেচনায় নিয়ে মালয়েশিয়া বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশকে নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দুই দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পরই তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমেদ জানান, সব বিমানবন্দরে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা চলবে। নিপাহ ভাইরাসের অন্যতম লক্ষণ হলো জ্বর বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি। তাই তাপমাত্রা পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ভারত ও বাংলাদেশকে বিবেচনা করা হয়েছে। এই দুই দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বিশেষভাবে করা হবে, যদিও আলাদা গেট বা রুটের কোনো ব্যবস্থা থাকবে না। তাপমাত্রা বেশি থাকলে যাত্রীকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।