ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে আগামী বেশ কিছুদিন মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্সের মহড়া হবে। মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্স এয়ার ফোর্সেস সেন্ট্রাল বা এফসেন্ট নামেও পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের আওতাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মোতায়েন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ করা এবং যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা প্রদর্শন করবে এফসেন্ট। মহড়াটি কয়েকদিন ধরে চলবে।
গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একাধিক রণতরীর একটি বহর। এই বহর প্রবেশের পরদিনই মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।
এর আগে, ২৬ জানুয়ারিই দেওয়া এক বিবৃতিতে সেন্টকোম জানায়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ অঞ্চলের জলসীমায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে।