বাংলাদেশের মাটিতেই মানববিহীন উড়োজাহাজ (ইউএভি), হেলিকপ্টার ও ড্রোন তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে চীনের একটি কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়।
আইএসপিআরের ফেসবুক পোস্টে জানানো হয়, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি)-এর ড্রোন বা ইউএভি তৈরি ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান সিইটিসি যৌথভাবে অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরা।