পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর রহমত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শবে বরাত উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।
বার্তায় প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, শবে বরাত মানুষের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিরল সুযোগ এনে দেয়। হাদিসে বর্ণিত রয়েছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং ক্ষমা দান করেন। এ কারণেই রাতটি সৌভাগ্যময় রজনী হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে। আত্মসমালোচনার মধ্য দিয়ে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত লাভ করা সম্ভব।
ড. ইউনূস বলেন, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে আমাদের উচিত দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা এবং মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করা। তিনি সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তি ও সৌন্দর্যের আলোয় ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবন গড়ে তোলার আহ্বান জানান।
বার্তার শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে সবার ক্ষমা ও হেফাজত কামনা করেন।