ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা— উভয় কক্ষেই এই শোকপ্রস্তাব আনা হবে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল, তারই অংশ হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।
২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি রাজ্যসভায় সাবেক সাংসদ এল গণেশন ও সুরেশ কলমাদিসহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের সূচি রয়েছে।