ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এলো শোকের ছায়া। বারামতিতে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি উড়োজাহাজ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় শরদ পাওয়ারের ভাতিজা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান।
এনডিটিভির তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে অজিত পাওয়ার ছাড়াও তার নিরাপত্তাকর্মী ও পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে এ ঘটনায় অন্যান্য আরোহীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত।