এবার ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাই, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে বলে মন্তব্য করেছে, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন অনেক সময় দেখা যায়, দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে কেন্দ্রে আসতে বাধা প্রদান করে। এবার কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেন, তাহলে তাঁর ভোট বাতিল হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ ও পোস্টাল ব্যালট একই সঙ্গে গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। কারণ, এতে ১৯৯ টি প্রতীক রয়েছে। এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে প্রবাসীরা কে কোথায় ভোট দিয়েছেন।’
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি , কোস্টগার্ড, আনসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।