ভারত ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করেছে। গেল বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঐতিহাসিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত বছরের সফল আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের সরকারি কর্মকর্তারা এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির মূল লক্ষ্য আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।
রাষ্ট্রদূত বিনয় কুমার বলেন, প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রস্তাবিত চুক্তিতে পূর্ণ সম্মতি দিয়েছেন এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। দুই দেশ বাণিজ্য সম্পর্ককে আরও সহজ ও গতিশীল করার জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকেও ইতিবাচকভাবে কাজ করছে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৮৭০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে ভারত ও রাশিয়া। দুই দেশের পারস্পরিক বাণিজ্যে এটি একটি রেকর্ড। অবশ্য এই বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রাশিয়ার অপরিশোধিত তেল।