যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড়, বরফ-শীতল বৃষ্টি ও তীব্র শীতে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ঝড়ো আবহাওয়ার ফলে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর আছে বিদ্যুৎবিহীন অবস্থায়।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে—ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় দেশের প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ পড়েছেন। কর্তৃপক্ষ নাগরিকদের ঠান্ডা আবহাওয়া এবং সম্ভাব্য তুষারপাত মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের আবহাওয়াগত প্রতিকূল পরিস্থিতির কারণে দেশজুড়ে স্কুল এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা হবে না। শীত ও তুষারপাতের প্রভাবে বিমান চলাচলেও বড় ধাক্কা লেগেছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার একদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।