মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা শহরে রোববার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় একটি ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।
সালামানকার মেয়র সিজার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, ওই দিন স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের শেষ পর্যায়ে হঠাৎ করে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে। এরপর সে দর্শকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। হামলায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত ১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম সহিংস দেশ হিসেবে পরিচিত। এর মধ্যে গুয়ানাজুয়াতো প্রদেশকে দেশটির সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি হিসেবে ধরা হয়। এখানে প্রায়ই খুনোখুনি ও সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল—এই দুটি শক্তিশালী অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রদেশটিতে কয়েক মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
তবে সরকারি হত্যাকাণ্ডের পরিসংখ্যান অনুসারে, গ্যাং টার্ফ যুদ্ধের কারণে এটি দেশের সবচেয়ে মারাত্মক রাজ্যও রয়ে গেছে। মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম ২০২৬ সালের শুরুতে বলেছিলেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে মেক্সিকোতে হত্যার হার এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।