অভিবাসন ভিসা স্থগিতের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য নতুন নিয়মে সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই ভিসার মাধ্যমে বাংলাদেশিরা সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে এ সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে। পাশাপাশি গত ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় আবেদনকারীদের ভিসা অনুমোদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে জামানত বা বন্ড জমা দিতে হবে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো—
*ভিসার জন্য অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে।
*ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.gov-এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।
*সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
*প্রবেশ করতে হবে নির্দিষ্ট বিমানবন্দর থেকে: বোস্টন লোগান (BOS), জন এফ. কেনেডি (JFK), ও ওয়াশিংটন ডুলস (IAD)।
*দেশে ফিরে আসার পর সমস্ত ভিসার শর্ত পূরণ করলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল এবং অর্থ ফেরত দেওয়া হবে। (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ে দেশে ফেরা)।
*বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ হতে পারে ১৫ হাজার ডলার।
যুক্তরাষ্ট্র জানান , এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে অবস্থান করেন (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।