বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নিলো ভারত সরকার।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব–সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সিদ্ধান্তের ফলে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।