সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত সাব্বাদি শহরের একটি কারাগার থেকে প্রায় এক হাজার ৫০০ বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া এসব বন্দির মধ্যে আইএসআইএসের সন্ত্রাসীরা ছিল বলে জানিয়েছে কুর্দি সংবাদমাধ্যম রুদো।
কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র ফরহাদ শামী জানান, সিরিয়ার সেনাবাহিনী সাব্বাদি এলাকায় সামরিক অভিযান শুরু করার পর কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার সুযোগে বন্দিরা পালিয়ে যায়।
এর আগে সিরিয়ার সেনাবাহিনীও কারাগার থেকে আইএস যোদ্ধাদের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও, নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কুর্দি বাহিনী এসডিএফ ইচ্ছাকৃতভাবে বন্দিদের পালাতে সহায়তা করেছে।
গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন শহর ও এলাকায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও তা ব্যর্থ হয়।
এরমধ্যে কুর্দিদের নিয়ন্ত্রণ থেকে অনেক অঞ্চল উদ্ধার করেছে সেনাবাহিনী। টানা কয়েকদিন ব্যাপক সংঘর্ষ চলার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এ যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে।