ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা জারি করে জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বাড়ছে এবং তা সহিংস রূপ নিতে পারে।
নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভের কারণে গ্রেপ্তার ও আহতের ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সড়ক অবরোধ, গণপরিবহণ ব্যাহত হওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে বিভিন্ন মাত্রার বিধিনিষেধ আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত উদ্যোগে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে।
এদিকে, তেহরানের দূতাবাস থেকে খুব জরুরি কর্মী ছাড়া বাকিদের সরিয়ে নিয়েছে ফ্রান্স। এর আগে, চলমান অস্থিরতার জেরে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশকিছু দেশ।