কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১২ জানুয়ারি) সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বইমেলার বিষয়ে বিস্তারিত জানান।
আগামী ২২ জানুয়ারি শুরু হচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলার মাঠে এই বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা।
১৯৯৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশ কলকাতা বইমেলায় অংশ নিলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে টানা দ্বিতীয় বছরের মতো দেশটি অনুপস্থিত থাকছে। এবারের বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না। গত বছরও বাংলাদেশ অংশ নেয়নি।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে। এবছর বইমেলায় এক হাজারের বেশি স্টল থাকবে এবং ২০টিরও বেশি দেশ অংশ নেবে। ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে লিটারেচার ফেস্টিভ্যাল।