ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে পূর্বঘোষিত সময় অনুযায়ী চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
দুপুর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তীব্র শীত ও কনকনে বাতাস উপেক্ষা করে তারা অবরোধ চালিয়ে যান। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিয়ে শাহবাগ চত্বরকে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন।
এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।