এক সময় বাংলাদেশের ক্রিকেটে স্পিন-সহায়ক উইকেট তৈরিই ছিল অন্যতম কৌশল, যা ক্রিকেট মহলে ‘স্পিন ডকট্রিন’ নামে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারা থেকে সরে এসে আরও ভারসাম্যপূর্ণ ও স্পোর্টিং উইকেট তৈরির দিকে নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ইতিবাচক প্রভাবও দেখা গেছে মাঠে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজগুলোতে স্পোর্টিং উইকেট তৈরি করে সাফল্য পেয়েছে টাইগাররা। এসব উইকেট তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দেশীয় কিউরেটর জাহিদ রেজা বাবু, বদিউল আলম খোকন ও শফিউল আলম বেলাল।
বিদেশি কিউরেটরদের ওপর নির্ভরতা কমাতে এবার প্রথমবারের মতো দেশের পিচ কিউরেটরদের জন্য ‘লেভেল-১’ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি। এর মূল লক্ষ্য স্থানীয় কিউরেটরদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উইকেট তৈরিতে তাদের আরও সক্ষম করে তোলা।
প্রশিক্ষণটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।
এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেন, “দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো ‘লেভেল-১’ সনদ কোর্স চালু করা হচ্ছে। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে মোট ৩০ জন কিউরেটর অংশ নেবেন।”
বিসিবির আশা, এই উদ্যোগের মাধ্যমে দেশীয় কিউরেটরদের দক্ষতা আরও বাড়বে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের উইকেট তৈরিতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।