ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনাকে ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। একই সঙ্গে এ-সংক্রান্ত কোনো নথি বা তথ্য ধ্বংস না করার জন্যও ফিফাকে সতর্ক করেছে সংস্থাটি।
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশ কুশনারের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।
এর আগে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, ফিফা যদি এই বিতর্কিত পরিকল্পনা বাতিল না করে, তাহলে তাদের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপ বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে।
এবার সামনে এসেছে আরও নতুন তথ্য। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ স্কিম’ (এফএফই) নিয়েও আইনি পদক্ষেপের কথা ভাবছে উয়েফা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি ইনফান্তিনোকে পাঠানো এক চিঠিতে উয়েফা জানিয়েছে, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনি ব্যবস্থা, সালিশি প্রক্রিয়া কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করার বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে।
অর্থাৎ, প্রকল্পটি বাতিল হলেও ফিফার সঙ্গে বিরোধের বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। বরং প্রকল্পটির পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে চায় উয়েফা।
এ ছাড়া ফিফা ও ইনফান্তিনোকে প্রকল্প-সংশ্লিষ্ট সব নথি, কাগজপত্র এবং ইলেকট্রনিক তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে উয়েফা। সম্ভাব্য আইনি লড়াইয়ে এসব তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে বলেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফলে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প বাতিল হলেও এ নিয়ে নতুন চাপের মুখে পড়েছে ফিফা। সংরক্ষিত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকল্পটির পেছনে কারা ছিলেন, সিদ্ধান্ত গ্রহণে ফিফার কোন কোন সংস্থা ভূমিকা রেখেছিল এবং পুরো প্রক্রিয়াটি কীভাবে এগিয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে উয়েফা।