২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশন ব্যর্থ হওয়ার হতাশা পেছনে ফেলে এবার নতুন পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপ পরবর্তী দল গঠনে এবার তরুণদের ওপর বেশি গুরুত্ব দিতে চান এই ইতালিয়ান কোচ। তার পরিকল্পনায় নেইমার, দানিলো ও কাসেমিরোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জাতীয় দলের অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপে দলের কৌশলগত কিছু ভুলের কথাও স্বীকার করেন।
তিনি বলেন, “এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।”
এরই মধ্যে ৩৪ বছর বয়সী নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী কাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের আর বিবেচনা করা হবে না—আনচেলত্তির বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।
ব্রাজিল কোচ বলেন, “আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকা। আমাদের এমন একটি নতুন ও প্রতিযোগিতামূলক দল তৈরি করতে হবে, যারা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে পারে।”
তিনি আরও জানান, ২০৩০ বিশ্বকাপের চেয়ে আপাতত ২০২৮ সালের কোপা আমেরিকায় শক্তিশালী দল গড়ে তোলাই তাদের প্রথম লক্ষ্য।
এদিকে গোলরক্ষকের জায়গাতেও ভবিষ্যতের কথা ভাবছেন আনচেলত্তি। অভিজ্ঞ গোলরক্ষক আলিসন ও এডারসনের প্রশংসা করলেও নতুন প্রতিভাবান গোলরক্ষক খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
ব্রাজিলের নতুন প্রজন্মকে সামনে রেখে দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় তরুণ খেলোয়াড়দের ওপরই এখন বেশি আস্থা রাখতে চান আনচেলত্তি।