সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজের অবসরের সিদ্ধান্ত জানান।
ভিডিও বার্তায় রাহানে বলেন, “সব কিছুরই একটি শুরু আছে, আবার শেষও আছে। এটাই জীবনের বাস্তবতা। যখন সেই সময় আসে, তখন তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।”
ভিডিওটি প্রকাশ করে তিনি লেখেন, “২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।”
এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন রাহানে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর ২০১৩ সালে ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করেন এবং ধীরে ধীরে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন।
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৮৫ ম্যাচে ৫ হাজার ৭৭ রান করেছেন রাহানে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে ৯০ ম্যাচে করেছেন ২ হাজার ৯৬২ রান এবং টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৭৫ রান।
রাহানের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার পর দলের নেতৃত্বভার নেন তিনি। মেলবোর্ন টেস্টে দুর্দান্ত শতরান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং তার অধিনায়কত্বে ভারত ২-১ ব্যবধানে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয় করে।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচটিই ছিল ভারতের জার্সিতে রাহানের শেষ আন্তর্জাতিক উপস্থিতি।
আন্তর্জাতিক ক্রিকেটে শান্ত স্বভাব, দায়িত্বশীল ব্যাটিং এবং নেতৃত্বগুণের জন্য আজিঙ্কা রাহানে বরাবরই প্রশংসিত ছিলেন। খেলার মাঠে তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও লড়াকু মানসিকতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।