২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন নেইমার। এবার সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানার ম্যাচে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই ব্রাজিল জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”
বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”
এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে নেইমারের দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়েই শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা।
এরপর এক যুগেরও বেশি সময় ব্রাজিলের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি খেলেছেন ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ। এই সময়ে করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৯টি গোল।
ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে নেইমারের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যদিও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবে জাতীয় দলের জার্সিতে তার অবদান ও অর্জন তাকে ব্রাজিল ফুটবলের কিংবদন্তিদের কাতারে জায়গা করে দিয়েছে।