ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন (FFF) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দিদিয়ে দেশমের দায়িত্ব ছাড়ার পর থেকেই ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জিদান। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই দায়িত্ব এবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন তিনি। চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফরাসি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন ৫৪ বছর বয়সী এই সাবেক তারকা।
দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বলেন, “আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দলের দায়িত্ব নেওয়া আমার জন্য আনন্দের পাশাপাশি গর্বেরও বিষয়।”
এ সময় তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
জিদানের খেলোয়াড়ি ক্যারিয়ারও ছিল অনন্য। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পরবর্তীতে কোচ হিসেবেও সফলতা পেয়েছেন। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়েছেন তিনি।
২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি জিদান। এবার জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
আগামী নেশন্স লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই জিদানের ফ্রান্স অধ্যায় শুরু হতে পারে।