বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত কার্যকর হলে ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় দলের নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি।
বর্তমানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সীমিত ওভারের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই নেতৃত্ব দিতে পারেন লিটন দাস।
এদিকে, টি-টোয়েন্টি দলে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানা যাবে।