দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
জানা গেছে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুলাই মালদিনিকে এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান লিওনার্দো।
জাতীয় দলের সাবেক কোচ জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর নতুন কোচ নিয়োগের দায়িত্বও ছিল তাদের ওপর। প্রথমে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। এরপর মালদিনি ও লিওনার্দোর পছন্দের শীর্ষে ছিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।
তবে রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা এবং সংযুক্ত আরব আমিরাতে এক রুশ ধনকুবেরের মালিকানাধীন একটি ক্লাবে কোচিং করানোর বিষয়টি নিয়ে পিরলোর নিয়োগে আপত্তি জানায় ফেডারেশনের একটি অংশ। শেষ পর্যন্ত তাঁর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে ফেডারেশনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মালদিনি ও লিওনার্দো পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তাদের এই পদত্যাগে চাপে পড়েছেন সদ্য নির্বাচিত এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো। ফলে ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
উল্লেখ্য, এ বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।