বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের এই তারকা আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০২৬ বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। নতুন কোচের অধীনে দলকে নতুনভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হলেও রোনালদোর অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা।
পর্তুগিজ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা জানিয়েছেন, হোর্হে জেসুসকে রোনালদোর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের বিষয়টি দক্ষতার সঙ্গে সামলাতে হবে।
পর্তুগালের রেডিও স্টেশন অ্যান্টেনা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ভিয়েইরা বলেন, “রোনালদো এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। তিনি হয়তো কিছু ম্যাচ খেলবেন, আবার কিছু ম্যাচে বেঞ্চে থাকতে পারেন। তবে হোর্হে জেসুস এই পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”
এদিকে দায়িত্ব নেওয়ার পর হোর্হে জেসুস জানিয়েছেন, জাতীয় দলে তিনি হুট করে বড় কোনো পরিবর্তন আনতে চান না। রোনালদো যতদিন ফিট থাকবেন এবং সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো অবস্থায় থাকবেন, ততদিন তাকে দলে বিবেচনা করা হবে।
তবে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পর্তুগিজ তারকা নিজেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।