বিশ্বকাপ শেষে বেলজিয়ামের জাতীয় দলের গোলরক্ষক থিবো কোর্তোয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলে থাকবেন কি না, তা নিয়ে ভাবছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে তার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেলের পরিকল্পনার ওপর।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় বেলজিয়াম। বিশ্বকাপের পরই দলের কোচ হুডি গাহসিয়ার দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপর নতুন কোচ হিসেবে নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্ক ফন বোমেলকে নিয়োগ দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। ২০২৮ সালের ইউরো পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে কোর্তোয়া বলেন, “এটা খুব বড় কোনো চমক নয়। বেশ কিছুদিন ধরেই তার নাম আলোচনায় ছিল। অ্যান্টওয়ার্পে তিনি প্রমাণ করেছেন, তিনি শীর্ষ পর্যায়ের একজন কোচ। অনেক ফুটবলারই তার সম্পর্কে ইতিবাচক কথা বলেন। আমিও তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”
নতুন কোচ সম্পর্কে কোর্তোয়া আরও বলেন, ফন বোমেল নিজেও সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন। বড় ম্যাচের অভিজ্ঞতা থাকা একজন কোচের অধীনে কাজ করা সম্মানের বিষয়।
তবে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। নতুন কোচের সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কোর্তোয়া।
এর আগে,বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোর্তোয়া। তার অনুপস্থিতিতে বদলি গোলরক্ষকের ভুলে গোল হজম করে বেলজিয়াম, যার ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় দলটিকে।