ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচে দলের দুই গোলই করেছেন নেইমার। প্রথম গোলের পর হাত দিয়ে তাস খেলার ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান তারকা। চলতি সপ্তাহে তাকে ঘিরে তৈরি হওয়া পোকার বিতর্ক ও সমালোচনার জবাব হিসেবেই দেখা হচ্ছে তার এই উদযাপনকে।
এর আগে কোপা সুদামেরিকানার প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোস যখন ভেনেজুয়েলায় খেলছিল, তখন সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। দল ম্যাচ খেললেও তিনি পোকার টেবিলে থাকায় সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েন।
তবে সান্তোস কোচ কুকা জানান, ইনজুরি থেকে ফেরার পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবেই নেইমারকে দীর্ঘ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ক্লাবের অনুশীলন শেষ করার পর ছুটির দিনেই তিনি পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।
সমালোচনার জবাব সামাজিক যোগাযোগমাধ্যমেও দেন নেইমার। তিনি বলেন, অনুশীলনের দায়িত্ব শেষ করেই অবসর সময়ে পোকার খেলতে গিয়েছিলেন তিনি। একই সঙ্গে সমালোচকদের নিজের কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এই ফরোয়ার্ড।
শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় সান্তোস। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে ২-২ সমতায় ফেরান নেইমার।
তবে ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেছেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সতর্কবার্তা পান নেইমার। চলতি মৌসুমে এটি তার তৃতীয় হলুদ কার্ড হওয়ায় সিরি ‘আ’-তে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।