লিওনেল মেসির অনুপস্থিতিতেও জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে দলটি।
ম্যাচটিতে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয় ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের গুরুতর চোট। আঘাতের পর তাকে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।
এরপর ম্যাচের ৮১তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে জয় এনে দেন লুইস সুয়ারেস। গোলের পর বার্তেরামের জার্সি তুলে ধরে সতীর্থের প্রতি সমর্থন জানান উরুগুইয়ান এই তারকা।
এই গোলের মাধ্যমে শেষ তিন ম্যাচে সুয়ারেসের গোলসংখ্যা দাঁড়াল ছয় এবং চলতি মৌসুমে তার মোট গোল নয়টি।
এদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী ক্যাসেমিরোর নিয়ন্ত্রণে ছিল মায়ামির মাঝমাঠ। তবে দুই দলের আক্রমণভাগের দুর্বল ফিনিশিংয়ের কারণে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট হয়।
বিশ্বকাপ ফাইনালের পর এটি ছিল মেসির আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় ম্যাচ মিস। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের ‘অল-স্টার’ ম্যাচেও খেলবেন না মেসি।
মেসিহীন মায়ামির এটি ষষ্ঠ জয়। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে, ওরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরেছে ন্যাশভিল।
এ ছাড়া দিনের আরেক ম্যাচে নিউইয়র্ক সিটি এফসির কাছে ৩-১ গোলে হেরেছে শিকাগো ফায়ার। বার্সেলোনা থেকে শিকাগোয় যোগ দেওয়া রবার্ট লেভানডভস্কি এখনো নতুন দলের হয়ে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন।